বাঁশখালীতে ফুটপাত দখল করে দোকান, উচ্ছেদ করে খাদ্য সামগ্রী দিলেন এতিমখানায়

বাঁশখালী উপজেলা সদরের মিয়ার বাজারে ফুটপাত দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা করছিল কিছু অসাধু ব্যক্তি। উক্ত অবৈধ দোকান দখলমুক্ত ও উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় উচ্ছেদ করা দোকান থেকে জব্দ খাদ্যসামগ্রী এতিমখানায় বিতরণ করে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বুধবার (১ এপ্রিল) সকাল ১১ টার দিকে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ওমর সানী আকন।
অভিযানে দেখা যায়, বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়কের ফুটপাত দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনার ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এ সময় একটি কনফেকশনারি দোকান থেকে বিপুল পরিমাণ বিস্কুট ও কেক জব্দ করা হয়। পাশাপাশি একাধিকবার সতর্ক করার পরও রাস্তার উপর ফলের দোকান দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ায় এক ফল ব্যবসায়ীর স্তূপ করে রাখা ফল ও তরমুজ জব্দ করা হয়। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জব্দকৃত এসব খাদ্যসামগ্রী স্থানীয় মখজনুল উলূম মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে দেন।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন জানান, বারবার সতর্ক করার পরও কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করে আসছিল। তাই পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা, চলাচল রাস্তা ও ফুটপাত দখল করে এই ধরণের অবৈধ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, জনগনের স্বার্থ রক্ষা এবং কাউকে সরকারি সম্পদ জবর দখল করতে দেওয়া হবেনা।
প্রশাসনের এই অভিযান ও জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। অভিযানে থানা পুলিশের একটি টিম নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে ছিলেন।






