বাঁশখালীতে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া সেই আওয়ামী লীগ নেতা ফিরেছে!
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

বাঁশখালীতে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া সেই আওয়ামী লীগ নেতা ফিরেছে!

বাঁশখালীতে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া সেই আওয়ামী লীগ নেতা ফিরেছে!
সাবেক এমপি মোস্তাফিজের সাথে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান।

বাঁশখালীতে পুলিশের অভিযানে আটকের পর সমর্থকদের দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া জিয়াউর রহমান নামে সেই আওয়ামী লীগ নেতা ৪ মাস আত্মগোপনে থাকার পর গ্রামে ফিরেছে। শুক্রবার সন্ধ্যায় তাকে প্রকাশ্যে নিজ গ্রাম কদমরসুল এলাকায় দেখতে পেয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে পুলিশকে জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রামের বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী।
স্থানীয় সাদুর রশিদ জানান, খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রামের মাহফুজুর রহমানের ছেলে আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান ও তার ভাই মোহাম্মদ আরিফ একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি। গত ৫ ডিসেম্বর পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ তাকে নিয়ে যায়। এর পর থেকে পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল।

আওয়ামী লীগের সরকারের ক্ষমতা ব্যবহার করে তৎকালীন এমপি মোস্তাফিজুর রহমানের ছত্রছায়ায় সাধারণ মানুষের উপর মামলা হামলা এবং জুলুম নির্যাতন চালান জিয়াউর রহমান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মত জিয়াউর রহমানও পালিয়ে যান। পরবর্তীতে সে গ্রামে এলে পুলিশ তাকে আটক করে। এসময় সমর্থকদের দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যান জিয়াউর রহমান। দীর্ঘ ৪ মাস আত্মগোপনে থাকার পর শুক্রবার সে আবারও এলাকায় আসেন। আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান আবারও এলাকায় ফিরে এসেছে এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা অবিলম্বে হত্যাসহ একাধিক মামলার আসামি এই আওয়ামী লীগ নেতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
জিয়াউর রহমানের মতই বাঁশখালীর বিভিন্ন জায়গায় নতুন করে আওয়ামী লীগ নেতাকর্মীরা ফিরতে শুরু করেছে। অনেককে উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বিচরণ করতেও দেখা যাচ্ছে।
বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, আমরা খোঁজ খবর নিচ্ছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।