বাঁশখালীতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, ভেঙে গেছে দক্ষিণ জলদী হাফেজিয়া মাদ্রাসা

বাঁশখালীতে গত দুইদিনের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে বেশ কয়েকটি মাটির দেওয়ালের বাড়ি ঘর ও গাছপালা। গতকাল শনিবার বিকেলে কালবৈশাখী ঝড়ে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী হাফেজিয়া দরসুল কোরআন মাদরাসার হিফজ বিভাগ সম্পুর্ণরুপে ভেঙে গেছে। এতে মাদ্রাসার হিফজ বিভাগের টিনের চাল উড়ে গিয়ে, বেড়া ভেঙে পুরো হেফজখানাটি বিধ্বস্ত হয়ে গেছে। নষ্ট হয়েছে বেশকিছু সিমেন্ট ও জিনিসপত্র। এতে মাদ্রাসার দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ জাফরুল ইসলাম ছাদেকী জানান, শনিবার বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ে মাদ্রাসার হিফজ বিভাগ সম্পুর্ণরুপে ভেঙে গেছে। বর্তমানে মাদ্রাসার হেফজখানার অর্ধ শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। দ্রুত সময়ে এটি সংস্কার করতে পরিচালক মাওলানা হাফেজ জাফর সাদেকী দানশীল ব্যক্তিবর্গ ও প্রবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
অপরদিকে উপজেলার উপকূলীয় ছনুয়া, গন্ডামারা, সরল, বাহারছড়া ও পৌর সদরের জলদী এলাকায় কালবৈশাখী ঝড় ও বাতাসে বেশকিছু গাছগাছালি ভেঙে গেছে। বৈদ্যুতিক খুটি ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বিস্তীর্ণ এলাকায়। গত ৩ দিন ধরে উপজেলা সদরের কিছু অংশ ছাড়া পুরো বাঁশখালী অন্ধকারে।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম জানান, কালবৈশাখী ঝড়ে বাঁশখালীতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে পল্লী বিদ্যুতের দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।






