বাঁশখালীতে আড়াই হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

বাঁশখালীতে কৃষি ও কৃষকদের মাঝে সরকারের প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব সার ও বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ ও পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের।
উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুহসিন, সুরঞ্জিত রুদ্র প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে ২ হাজার, ৩০০ জন কৃষককে বিনামূল্যে ২০ কেজি করে সার ও ২ কেজি করে বীজ প্রদান করা হয়েছে।
সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, 'আমাদের দেশটা কৃষি নির্ভর দেশ। যাঁরা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে দেশকে কৃষি সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি সরকার এবং রাষ্ট্র সব সময় কৃতজ্ঞ।' তিনি কৃষকদের প্রণোদনা দেওয়ার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের দেওয়া এই সার এবং বীজ যথাযথভাবে কাজে লাগাতে কৃষকদের প্রতি আহবান জানান।






