বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপনন্দী, সমবায় কর্মকর্তা ওবায়দুল হক, আনসার ভিডিবি কর্মকর্তা মোহাম্মদ মানিক, একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, নারী উদ্যোক্তা ও নারী প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওমর সানি আকন বলেন, নারীরা এখন সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে আরও এগিয়ে নিতে নারীদের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। তিনি বলেন, নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির সুফল পেতে নারীদের আরও সচেতন হতে হবে এবং সমাজের সব স্তরে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পাশাপাশি নারীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার সম্পর্কে অবহিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি নারীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






