বাঁশখালীতে আনোয়ারায় মিছিলকারী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাঁশখালীতে আনোয়ারায় মিছিলকারী ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিব (৩১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার রামদাশমুন্সির হাট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক মুজিবুর রহমান মুজিব কালীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম কোকদন্ডী গ্রামের জাহেদুল ইসলামের ছেলে। সে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের সহসভাপতি।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলার চাতরি এলাকায় ছাত্রলীগের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলের প্রথম সারিতে ছিলেন বাঁশখালীর এই ছাত্রলীগ নেতা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর তার ছবি এবং ঠিকানা ধরে অভিযান শুরু করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁশখালীর রামদাশমুন্সির হাট পুলিশি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাকচির নেতৃত্বে একদল পুলিশ রামদাশমুন্সির হাট গরুর বাজার এলাকা থেকে তাকে আটক করে। তাকে নাশকতা মামলায় আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।






