আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন, একইভাবে আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলকে গুরুত্ব দেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির চার ইউনিটের নেতাকর্মী ও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সরোয়ার আলমগীর বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ অঞ্চলের বিএনপির নেতাকর্মীসহ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমাসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে বিজয়ী করেছেন। আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারব না। আপনাদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফায় স্থানীয় মানুষের বিভিন্ন দাবি ও প্রত্যাশার প্রতিফলন রয়েছে। পর্যায়ক্রমে এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সরোয়ার আলমগীর বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী। তিনি বলেন, তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। আগামী ইউপি নির্বাচনে আমি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলকে বেছে নেব।
তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, আবুল কালাম আজাদ, ফরিদুল আলম চেয়ারম্যান ও শাহনেওয়াজ সেবুলসহ স্থানীয় নেতারা।