প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লামায় ৭ রোহিঙ্গার অনুপ্রবেশ

বান্দরবানের লামা উপজেলায় প্রশাসনের নজর এড়িয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশ করেছে। রোববার (২৯ মার্চ দুপুরে উপজেলার সরই ইউনিয়ন বাজার এলাকায় ঘুরাফেরার সময় তাদের স্থানীয়দের নজরে আসে।
জানা গেছে, সরই ইউনিয়ন বাজারে অপরিচিত কিছু লোককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিষয়টি স্থানীয় সাংবাদিকরা লক্ষ্য করেন। পরে লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার বেলাল আহমদ বিষয়টি তাৎক্ষণিকভাবে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আতিকুর রহমানকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭ রোহিঙ্গা নাগরিককে নিজেদের হেফাজতে নেয়।
পরবর্তীতে লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সরই ইউনিয়নের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক এবং ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মিয়ার সার্বিক সহযোগিতায় উদ্ধারকৃত রোহিঙ্গাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। মানবিক কারণে তাদের প্রাথমিক সহযোগিতা শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়রা জানায়,এলাকার কিছু ব্যবসায়ী ৭০০ টাকা দৈনিক মুজুরীর ভিত্তিতে কাজ করাতে নিয়ে আসে বিভিন্ন বাগানে আরো চার পাচঁ শত রোহিঙ্গা কাজ করছে। আটককৃতরা কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকার শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে লোহাগাড়া হয়ে লামায় প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাদের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে কক্সবাজারের বালুখালী ১২নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।আটকৃতরা হলেন,মাহমুদ করিম(৪৪),উসমান গণি (২৫),আনাস(২৪),হারাস(২০),মাহমুদ নূর(২৬),ছৈয়দ হোছন(৫০) এবং শফিক(৫৫) সর্বসাং উখিয়া বালুখালী ক্যাম্প।









