পাচারের আগে হনুমান ও ১২ কচ্ছপ উদ্ধার, আটক ১

ঢাকায় পাচারের আগে বিলুপ্তপ্রায় একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় মো. হাদিস রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা সুলতান মিয়ার ছেলে।
সোমবার (৮ জুন) বিকেল ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া ভাঙারমুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চুনতি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সঙ্গীয় স্টাফ নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, চকরিয়ার একটি বাড়িতে পাচারের উদ্দেশ্যে বেশ কিছু বন্যপ্রাণী মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করা হয় এবং এক পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ বলেন, বাংলাদেশে বন্যপ্রাণী শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় ও পাচার দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চল থেকে অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাচার করছে। এদের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।






