পটিয়া পৌরসভা নির্বাচন ঘিরে ওয়ার্ড পর্যায়ে আগাম প্রস্তুতি, বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা

পটিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রস্তুতি ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।
জাতীয় রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশজুড়ে আলোচনা বাড়ার পাশাপাশি পটিয়াতেও নির্বাচনী আবহ ধীরে ধীরে তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও সম্ভাব্য রোডম্যাপ নিয়ে আলোচনা চলার খবরে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান সুসংহত করতে মাঠে নেমেছেন।
প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে পরিচিত পটিয়া দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সচেতনতা, ঐতিহ্য এবং সক্রিয় জনসম্পৃক্ততার জন্য সুপরিচিত।
ফলে এখানকার প্রতিটি নির্বাচনই স্থানীয় জনগণের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব বহন করে।
ইতোমধ্যে পৌরসভার মেয়র পদে নির্বাচন করার আগ্রহ নিয়ে একাধিক সম্ভাব্য প্রার্থী বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করছেন।
সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, উন্নয়ন ভাবনা তুলে ধরা এবং জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন তারা।
বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় সভা এবং সামাজিক কর্মকাণ্ডেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
শুধু মেয়র পদ নয়, কাউন্সিলর পদেও শুরু হয়েছে আগাম প্রস্তুতি। পৌরসভার ৯টি ওয়ার্ডেই সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
বিভিন্ন ওয়ার্ডে ব্যানার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে দোয়া কামনা করে নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছেন অনেকে।
এছাড়া সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মসূচি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিয়ে ভোটারদের কাছে নিজেদের পরিচিতি বাড়ানোর চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি ওয়ার্ডে ইতোমধ্যে ১০ জনেরও বেশি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন।
নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন মুখের পাশাপাশি সাবেক জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পটিয়া পৌরসভার নির্বাচন সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে। স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা, সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি, যানজট নিরসন এবং আধুনিক পৌরসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিই এবারের নির্বাচনে অন্যতম আলোচ্য বিষয় হতে পারে।
এদিকে সম্ভাব্য নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, অলিগলি এবং সামাজিক আড্ডায় সম্ভাব্য প্রার্থী ও নির্বাচনী সমীকরণ নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ, যোগ্য, পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং জনসম্পৃক্ত নেতৃত্বই আগামী নির্বাচনে ভোটারদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে।
তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করার পরই নির্বাচনী কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হবে।
এরপরই মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত অবস্থান এবং রাজনৈতিক দলগুলোর কৌশল আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






