পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং লেইস (LAISE) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী মোহাম্মদ আবু তাহের, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সুনিল কুমার বড়ুয়া,শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন স্থানে বৃক্ষের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করতে জলবায়ু পরিবর্তন, সবুজায়ন এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।






