পটিয়ায় ৪৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন এমপি এনামুল হক

পটিয়ায় রাজস্ব খাতের আওতায় উপজেলা ও পৌরসভার ৪৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পটিয়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরঘাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
এই কর্মসূচির আওতায় ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ জাতের পোনা মাছ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবউল্লাহ, উপজেলা এলজিইডি প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেন, পৌরসভা বিএনপির সদস্যসচিব গাজী তাহের, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপি নেতা আবদুল মাবুদ, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, কৃষকদল নেতা বুলবুল আহমেদ ও মাহাবুবুল আলম পারভেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, "মাছ প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাতিষ্ঠানিক জলাশয়ে পরিকল্পিতভাবে পোনা মাছ অবমুক্ত করলে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।"
তিনি আরও বলেন, "পোনা মাছ অবমুক্ত করার পর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার ও জলাশয় দূষণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে।"
পটিয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জলাশয় মাছ চাষের আওতায় এনে স্থানীয় চাহিদা পূরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।










