পটিয়ায় স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার

পটিয়ায় প্রথম স্ত্রীর করা মামলায় স্বামী মো. সাইদুল হককে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) পটিয়া উপজেলার আমজুরহাট এলাকার একটি বেসরকারি কোম্পানির অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাইদুল হক কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা দক্ষিণ লুটনি গ্রামের মৃত গুলু মিয়ার ছেলে। স্ত্রীর করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি পটিয়ায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার গাবতলী ফাসিয়াখালী এলাকার মৃত নুর মোহাম্মদের মেয়ে উম্মে কুলছুমের সঙ্গে একই উপজেলার কাকারা দক্ষিণ লুটনি গ্রামের মৃত গুলু মিয়ার ছেলে সাইদুল হকের ২০০৮ সালে বিয়ে হয়। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে।
প্রথম স্ত্রী থাকা অবস্থায় সাইদুল হক দ্বিতীয় বিয়ে করেন। এরপর তিনি দীর্ঘদিন পটিয়ায় অবস্থান করে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। স্ত্রী উম্মে কুলছুম বাদী হয়ে ২০২৪ সালে কক্সবাজার জেলা জজ আদালতে পারিবারিক মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৮৫/২০২৪। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে দীর্ঘদিন পলাতক ছিলেন সাইদুল হক। বৃহস্পতিবার সকালে ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উম্মে কুলছুম অভিযোগ করেন, ২০০৮ সালে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের দুই সন্তান রয়েছে। ২০১৬ সাল থেকে তাঁর স্বামী সাইদুল হক কোনো খোঁজখবর রাখেন না এবং ভরণপোষণও দেন না। দ্বিতীয় বিয়ের পর থেকেই মূলত এ সমস্যার সৃষ্টি হয়। পরে বাধ্য হয়ে তিনি পারিবারিক আদালতে মামলা করেন। এরপর থেকে সাইদুল হক দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পটিয়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পটিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামীম ভূঁইয়া জানান, সাইদুল হক পটিয়ার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। পারিবারিক মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে আমজুরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে চকরিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।











