পটিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটিয়া পৌরসভার শশাঙ্ক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান।
এ সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপির পক্ষে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,রাজনীতিবিদ তৌহিদুল আলম।
উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, শশাঙ্ক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলোয়ারা বেগম, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সুধীজন।
এতে বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।






