পটিয়ার পোনা মাছের বাজার দক্ষিণ চট্টগ্রামের মৎস্যচাষিদের চাহিদা পূরনে আবদান রাখছে

পটিয়া রেলওয়ে স্টেশন এলাকাকে ঘিরে গড়ে উঠেছে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ পোনা মাছের বাজার।
প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা।
রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া (নাইলোটিকা)সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা কিনতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন মৎস্যচাষি ও ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার অসংখ্য মাছচাষি ও খামার মালিক প্রতিদিন পটিয়ার এই বাজার থেকে পোনা সংগ্রহ করেন।
রাতভর চলে পাইকারি ও খুচরা বিক্রি।
বাজারটিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানেরও সুযোগ।
বাজারে গিয়ে দেখা যায়, সারি সারি অস্থায়ী দোকানে বিভিন্ন আকার ও প্রজাতির পোনা মাছ বিক্রি হচ্ছে। অক্সিজেনযুক্ত প্যাকেট ও বিশেষ পরিবহন ব্যবস্থার মাধ্যমে ক্রেতাদের কাছে পোনা সরবরাহ করা হচ্ছে। অনেক ব্যবসায়ী সরাসরি খামার ও পুকুর মালিকদের কাছে ডেলিভারির ব্যবস্থাও করে থাকেন।
সাতকানিয়া থেকে পোনা কিনতে আসা মৎস্যচাষি রফিকুল ইসলাম বলেন, “পটিয়ার পোনা মাছের বাজারের সুনাম অনেক আগে থেকেই শুনে আসছি। এখানকার পোনা ভালো মানের ও তুলনামূলকভাবে সুস্থ থাকে।
আমরা নিয়মিত এখান থেকে পোনা সংগ্রহ করি। তিন থেকে চার মাস পুকুরে পরিচর্যা করলেই মাছ বাজারজাত করার উপযোগী হয়ে ওঠে।”
ব্যবসায়ীরা জানান, প্রতিদিন হাজার হাজার পোনা মাছ বিক্রি হচ্ছে এই বাজারে।
মৌসুমভেদে বেচাকেনার পরিমাণ আরও বৃদ্ধি পায়। উন্নত জাতের পোনা সহজলভ্য হওয়ায় দক্ষিণ চট্টগ্রামের মৎস্য উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়ছে।
বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, “প্রতিদিন রাত হলেই পটিয়া রেলওয়ে স্টেশন এলাকায় জমে ওঠে পোনা মাছের বাজার।
এখান থেকে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পোনা সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে সরকার রাজস্ব পাচ্ছে, অন্যদিকে মাছচাষিরা ভালো মানের পোনা সংগ্রহ করে লাভবান হচ্ছেন।
এই বাজার স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, পটিয়ার পোনা মাছের বাজারকে পরিকল্পিতভাবে আরও সম্প্রসারণ করা গেলে এটি দক্ষিণ চট্টগ্রামের মৎস্যখাতের একটি বৃহৎ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে।
প্রয়োজনীয় অবকাঠামো, সংরক্ষণ ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হলে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধিতেও বাজারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মৎস্যচাষের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষিণ চট্টগ্রামের চাহিদা পূরণে পটিয়ার এই পোনা মাছের বাজার বর্তমানে একটি নির্ভরযোগ্য ও সম্ভাবনাময় বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।






