পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক

পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক
ছবি সংগৃহীত।

জাতীয় সংসদে বাজেট-পরবর্তী আলোচনায় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সর্বস্তরের মানুষের প্রাণের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরেছেন পটিয়ার  সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।
বাজেটের ওপর বক্তব্য প্রদানকালে গত ২১ জুন তিনি কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক এ গণমুখী বাজেট প্রণয়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি পটিয়াবাসী তথা দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সাধুবাদ জানান।
বাজেট-পরবর্তী বক্তব্যে এমপি এনামুল হক এনাম পটিয়ার উন্নয়নের স্বার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। 
এর মধ্যে রয়েছে পটিয়ার ঐতিহাসিক গুরুত্ব ও প্রশাসনিক প্রয়োজনীয়তা বিবেচনায় পটিয়া মহকুমাকে দ্রুত জেলায় উন্নীত করা, পুরাতন আদালত ভবনকে বহুতল ভবনে রূপান্তর এবং পটিয়া ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য নতুন ভবন নির্মাণ।
এছাড়া তিনি পটিয়ায় একটি বালক উচ্চ বিদ্যালয় সরকারি করার দাবি জানান। 
প্রশাসনিক কার্যক্রম সহজতর করা এবং নাগরিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে পশ্চিম পটিয়াকে নতুন পৌরসভা হিসেবে ঘোষণা করারও আহ্বান জানান।
পরিবেশ সংরক্ষণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে পটিয়ায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি উত্থাপন করেন তিনি। 
একই সঙ্গে কর্ণফুলী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত জনপদ রক্ষায় দ্রুত ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তব্যের একপর্যায়ে তিনি পটিয়াসহ সারাদেশে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তরুণ সমাজকে এসব সামাজিক ব্যাধির করাল গ্রাস থেকে রক্ষা করতে সরকারের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। 
সংসদে প্রদত্ত এ বক্তব্যে পটিয়ার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ও চারিদিকে সাধারণ মানুষ এমপি এনামুল হকের প্রশংসা করছেন।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।