পটিয়া বাইপাসে পূর্বাণী বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, আহত- ৫

পটিয়া উপজেলার পটিয়া বাইপাস সড়কের ফারুকীপাড়া চত্বর এলাকায় পূর্বাণী পরিবহনের একটি বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার ফারুকীপাড়া চত্বর এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী পূর্বাণী পরিবহনের একটি বাস সামনে থাকা ঈগল পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি সড়কের পাশে কাত হয়ে পড়ে যায়। এতে গাড়িতে থাকা পাঁচজন যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন, মিজানুর রহমান (৩৫) নোয়াখালী সদর, নোয়াখালী; মোহাম্মদ মাসুম (২৫) রসুলপুর, নান্দাইল, ময়মনসিংহ; লিয়াকত আলী (৩৫) শিবচর, মাদারীপুর; শিরিন আক্তার (২৭) কেরানীগঞ্জ, ঢাকা এবং আখি আক্তার (৩০) শ্যামলী, ঢাকা।
হাইওয়ে পুলিশের কর্মকর্তা সার্জেন্ট ওয়াসিম আকরাম জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সাঙ্গু পরিবহনের এক চালকের মাধ্যমে দুর্ঘটনার খবর পান তারা। পরে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেট কারটি সড়ক থেকে সরিয়ে নেয়।
তিনি বলেন, “পূর্বাণী পরিবহনের বাসটি সামনে থাকা একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা পাঁচজন আহত হন।”
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পটিয়া বাইপাস সড়কে পর্যাপ্ত সড়কবাতির অভাব, যানবাহনের অতিরিক্ত গতি এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে ট্রাফিক পুলিশের নিয়মিত তদারকি, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দ্রুত সড়কবাতি স্থাপনের দাবি জানান।
দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।






