নির্বাচনে টাকার উৎস প্রকাশের নির্দেশ, না হলে খেসারত: এমপি শাহজাহান

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচনে যারা টাকা বিলি করছেন তাদের টাকার উৎস প্রকাশ করতে হবে। অন্যথায় তাদের খেসারত দিতে হবে।
বুধবার রাতে লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষক, শ্রমিক, দিনমজুরসহ মেহনতি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করা হবে।
নির্বাচনের আগে জনগণের কাছে ১৯টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। হিসাব অনুযায়ী ভোট কিছুটা কম হয়েছে, তবুও এজন্য মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। সাতকানিয়া-লোহাগাড়ায় প্রতি তিন মাস অন্তর প্রতিটি ওয়ার্ডে গিয়ে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হবে।
আমেরিকান প্রবাসী আবুল কালামের সভাপতিত্বে এবং যুববিভাগের সভাপতি শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আনম নোমান, সূরা সদস্য শামীম আক্তার এবং আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল কাদির ও মদিনা প্রবাসী সরওয়ার কামাল।
অনুষ্ঠানে ২নং ওয়ার্ডের বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের জন্য সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।






