নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে মিয়ানমারে পাচারের জন্য মজুদ করা,ভোজ্য তেল ও রসুন আটক

কক্সবাজার বিজিবি’র অভিযানে বাংলাদেশী ভোজ্য তেল ও রসুন আটক।
কক্সবাজার জেলার কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের সীমান্তবর্তী এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে ভোজ্য তেল ও রসুন আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
৮ এপ্রিল বুধবার রাত ১০ টা ৩০ মিনিটের সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার-৩৩ থেকে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার রাবার বাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১৯ লিটার সয়াবিন তেল এবং ১১৬ কেজি রসুন আটক করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিগত ১ সপ্তাহে বিভিন্ন অভিযানে ১৪২ লিটার ভোজ্য তেল আটক করা হয়েছে।
অধিনায়ক বলেন, ভোজ্য তেল বাংলাদেশের একটি অত্যন্ত সংবেদনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্য। যা দেশের চাহিদার সিংহভাগ আমদানির মাধ্যমে মেটাতে হয়। ভোজ্য তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশের চলমান প্রেক্ষাপটে কতিপয় অসাধু ব্যবসায়ী/সিন্ডিকেট চক্র কর্তৃক কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত ও বিশেষ টহল পরিচালনার মাধ্যমে চোরাকারবারী ও তাদের ব্যবহৃত রুট চিহ্নিত করাসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে।









