নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্মার্টফোন ও টাকাসহ বিদ্রোহী গোষ্ঠীর সহযোগী আটক

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের এক আদিবাসী/ক্ষুদ্র নৃগোষ্ঠী (মগ) যুবককে আটক করেছে ১১ বিজিবির লেম্বুছড়ির জোয়ানরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির অধীন লেম্বুছড়ি বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ৫০ থেকে আনুমানিক ৩০০ গজ উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে ‘বাহির মাঠ’ নামক স্থান থেকে তাঁকে আটক করে।
আটক যুবকের নাম জোজোবা (২৭)। তিনি মিয়ানমারের বুথিডং জেলার তেপাডং গ্রামের জোমই থংয়ের ছেলে।
স্থানীয়দের প্রশ্নের জবাবে তিনি জানান, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে যাচ্ছিলেন। নিজেকে তিনি তাদের একান্ত সহযোগী বলেও দাবি করেন।
এদিকে বিজিবি সূত্র জানায়, আটক মিয়ানমার যুবকের কাছ থেকে নগদ ৮ হাজার ৫৫০ টাকা ও ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ১১ বিজিবি কর্তৃক ধৃত মিয়ানমারের ওই নাগরিককে টাকা ও মোবাইল ফোনসহ থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে।









