নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান, পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির টহল দল এই অস্ত্র উদ্ধার করে।
বিজিবি জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে ঘুমধুম বিওপি থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে কাঁকড়া ব্রিজ এলাকায় অবস্থান নেয় টহল দল। অভিযানে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন একটি দেশীয় কাটা পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়। উদ্ধারকৃত সরঞ্জামাদি সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র বা কোনো ধরনের চোরাচালান প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর। আমাদের এই প্রতিরোধমূলক অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”
উল্লেখ্য, দীর্ঘ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে ৩৪ বিজিবি নিয়মিত তদারকি চালিয়ে আসছে। এই অভিযানে সীমান্তে অপরাধী চক্রের তৎপরতা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।









