নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৫ কিলোমিটার অভ্যন্তর থেকে এক লাখ ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৩ মে) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে একটি বেগুনখেত থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ উদ্ধার করা হয়।
পরে তল্লাশি করে খয়েরি রঙের ব্যাগে ৯৮ হাজার ৯৭০ পিস এবং সবুজ রঙের ব্যাগে ৯৭০ পিসসহ মোট ৯৯ হাজার ৯৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবাবাড়ির আনুমানিক মূল্য ২ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।









