নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিপরীতে মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলি
নাইক্ষ্যংছড়ি সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরাকান আর্মি (এএ)-এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিট থেকে আধা ঘন্টা ব্যাপী তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৬ এর শূন্য লাইন থেকে সামান্য মিয়ানমারের ভেতরে হাতিরঝিরি পোস্ট ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, রেশন সামগ্রী সংগ্রহের উদ্দেশ্যে মিয়ানমারের অভ্যন্তর থেকে একদল সশস্ত্র আরসা সদস্য ওই এলাকায় প্রবেশ করলে আগে থেকে অবস্থানরত এএ সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে প্রায় শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহত সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাগুলির শব্দে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্ত লাগুয়া স্থানীয় বাসিন্দা মোঃ সরোয়ার এবং জয় হাসান জানান, উক্ত গোলাগুলির ঘটনা মিয়ানমারের ভিতরে হলেও নাইক্ষ্যংছড়ি সীমান্তের মানুষের মাঝে কিছুটা আতঙ্ক ছড়ায়।









