নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার

মঙ্গলবার (১৩ মে) সকাল আনুমানিক পৌনে ১২টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে এসআই সতেজ বড়ুয়া, এএসআই রণজিৎ চৌধুরী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ বাইশারীর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলীমের রাবার ফ্যাক্টরি থেকে প্রায় ১০০ গজ পূর্ব দিকে পাহাড়ি ঝিরির মধ্যে গাছের পাতার নিচে লুকানো অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।









