নাইক্ষ্যংছড়ির প্রধানঝিরিতে বিজিবির সফল অভিযান, ৫ কোটি টাকার ইয়াবা জব্দ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ‘প্রধানঝিরি’ নামক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) আনুমানিক রাত ৮টা ১০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৬/১ এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে প্রধানঝিরি নামক স্থানে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চোরাকারবারিরা ইয়াবার চালান নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির বিশেষ দল তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের কাছে থাকা ইয়াবার ব্যাগ ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির বিশেষ দলটি উক্ত স্থান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা (হলুদ রং ১,৬০,০০৪ পিস এবং সবুজ রং ১,৬০৪ পিস) উদ্ধার করে। জব্দকৃত ইয়াবার সিজার মূল্য ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়েজুল কবির বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।”









