নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অর্ধকোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানা গেছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির টহল দল মাদকবিরোধী অভিযান চালিয়ে এই ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শুক্রবার (১৫ মে) ২০২৬ আনুমানিক সকাল ১০টার সময় ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। তারা সীমান্ত পিলার-৩২ থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা ইয়াবা ফেলে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
কক্সবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিক (পদাতিক) এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত ইয়াবার ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে।









