নাইক্ষ্যংছড়ির গহিনে পুলিশের অবস্থান টের পেয়ে পালাল চোরাকারবারিরা, ২টি অস্ত্র উদ্ধার

নাইক্ষ্যংছড়ি উপজেলার চোরাকারবারিদের জোন হিসেবে পরিচিত দুর্গম বামহাতিছড়ি ছড়ায় পুলিশের ধাওয়া খেয়ে দুটি দেশি তৈরি অস্ত্র ফেলে গেছে চোরাকারবারিরা। পরে পুলিশের একটি টিম অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি থানা-পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ আরও জানায়, বুধবার গভীর রাতে (১২টা ৪৫ মিনিটে) একদল চোরাকারবারির কাছে অস্ত্র থাকার খবর পেয়ে থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় অভিযানে নামে পুলিশ। দলটি নাইক্ষ্যংছড়ি থানাধীন ১ নম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউপিস্থ বামহাতিরছড়া বড়ইতলী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লাইটের পোড়া নামক স্থান থেকে কালাচানের রাস্তার পূর্ব পাশে পাহাড়ি ঝোপঝাড়ের ভেতরে পৌঁছালে চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পায়।
এ সময় তারা জঙ্গল দিয়ে পালিয়ে যাওয়ার সময় ফেলে যাওয়া ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই ফেরদৌস রনি বলেন, "দুর্গম পাহাড়ি বামহাতির এলাকা থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। আসামিরা পুলিশ দেখে অস্ত্র ফেলে পালায়। তাই তাদের আটক করা সম্ভব হয়নি।"
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাম্মেল হক বলেন, পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। সে জন্য পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়ির সর্বত্র অতিরিক্ত সোর্স বা তথ্যদাতার মাধ্যমে নজরদারি বাড়িয়ে অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।









