নাইক্ষ্যংছড়ির ওমর ফারুক ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩১ অক্টোবর (২০২৬) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজুখাল চেকপোস্টে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে চালক মোঃ ওমরকে (২৫) আটক করা হয়। আটক ওমরের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায়, তার বাবার নাম মোঃ আমিন।
বিজিবি জানায়, ওমরের শরীরে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেল এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ইয়াবা ও মালামালসহ আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”











