নাইক্ষ্যংছড়িতে শুরু হচ্ছে ২ কোটি টাকার খাল খনন প্রকল্প

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঢল ও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে দুটি খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ৪ মে নাইক্ষ্যংছড়ি সদর ও সোনাইছড়ি ইউনিয়নে এই প্রকল্পের উদ্বোধন করবেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় এই খনন কাজ পরিচালিত হবে। নাইক্ষ্যংছড়ি সদর খালের আড়াই কিলোমিটার এবং সোনাইছড়ির জারুলিয়াছড়ি খালের আড়াই কিলোমিটারসহ মোট ৫ কিলোমিটার এলাকা খনন করা হবে। প্রাথমিকভাবে ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ২৫৯ জন শ্রমিক ও পরবর্তীতে এক্সকাভেটর দিয়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, নাইক্ষ্যংছড়ি খালের পাশাপাশি বনবিভাগের আপত্তির কারণে বাঁকখালী চিকনছড়ি খালের পরিবর্তে জারুলিয়াছড়ি খালকে চূড়ান্ত প্রস্তাব করা হয়েছে। এই উদ্যোগের ফলে নাইক্ষ্যংছড়ি সদরের বড়ুয়া পাড়াসহ বিস্তীর্ণ এলাকার পাহাড়ি ঢল ও বন্যার ঝুঁকি কমবে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “খাল দুটি খনন করা হলে কয়েক হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং কৃষিজমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। জনস্বার্থ বিবেচনায় এই প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।” সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।









