দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড

দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড
ছবি সংগৃহীত।

পাহাড়ি কন্যার এক অনন্য গৌরবগাথা সাফল্য!দুর্গম পাহাড়ি জনপদ বান্দরবানের লামা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা ও সাংবাদিক আবু হোরায়রার কন্যা সৈয়দা তামান্না হোরায়রা আজ দেশজুড়ে প্রশংসিত। বর্তমানে ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত এই কর্মকর্তা সদ্যসমাপ্ত ২০২৫-২০২৬ অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা সরকারি রাজস্ব আদায় করে সারাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

​সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা, ডিজিটাল ভূমিসেবার সম্প্রসারণ এবং কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে।

​উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সদ্যসমাপ্ত অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় হয়ে সরকারের কোষাগারে জমা হয়েছে।​আধুনিক ডিজিটাল সেবা, দ্রুত নামজারি নিষ্পত্তি, নিয়মিত মাঠ পর্যায়ের তদারকি এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ফলেই রাজস্ব আদায়ে এই অভাবনীয় সাফল্য এসেছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​জেলা পর্যায়ে 'শ্রেষ্ঠ এসিল্যান্ড' সম্মাননা ​এই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায় ভূমি সেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ গত মে মাসে সৈয়দা তামান্না হোরায়রা জেলা পর্যায়ে 'শ্রেষ্ঠ এসিল্যান্ড' নির্বাচিত হন। ভূমি সেবা সপ্তাহের সমাপনী দিনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের রাজস্ব প্রশাসনের শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

​জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মকালীন সময়ে সদর উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি, ই-নামজারি ও ই-মিউটেশন কার্যক্রমে উচ্চ নিষ্পত্তির হার, বিপুল পরিমাণ সরকারি ভূমি উদ্ধার এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করায় তাকে এই শ্রেষ্ঠত্বে ভূষিত করা হয়।

​সাফল্যের অনুভূতি ও অঙ্গীকার ​এই অর্জন প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বলেন, সরকারি রাজস্ব আদায়ে জনগণের আন্তরিক সহযোগিতা, সচেতনতা এবং উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি এবং উন্নত ভূমি ব্যবস্থাপনায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার ধারাবাহিকতা বজায় রাখব।

​​সৈয়দা তামান্না হোরায়রা লামা পৌরসভার ২নং ওয়ার্ডের মহুরম সাংবাদিক আবু হোরায়রা ও সাবেক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগমের কন্যা। তার এই সাফল্যে আনন্দের বন্যা বইছে জন্মভূমি বান্দরবানের লামা উপজেলাতেও। দুর্গম পাহাড় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় তাঁকে নিয়ে গর্বিত স্থানীয় সর্বস্তরের মানুষ।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”