দানুমার ঘাটে ডলু নদীর ওপর ব্রিজের দাবিতে সাতকানিয়ায় মানববন্ধন

সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ার দানুমার ঘাটে ডলু নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ রূপকানিয়ার দানুমার ঘাট এলাকা সাতকানিয়া পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হলেও দীর্ঘদিন ধরে এটি অবহেলিত রয়েছে। একটি স্থায়ী ব্রিজ না থাকায় এলাকাবাসীকে বছরের পর বছর ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের নৌকায় নদী পার হতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বক্তারা আরও বলেন, ডলু নদীর এই ঘাটে একটি ব্রিজ নির্মাণ করা হলে শুধু জনদুর্ভোগই কমবে না, বরং পৌরসভার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তারা দ্রুত সময়ের মধ্যে এই দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ইসহাক, ইউপি সদস্য নাসির উদ্দিন, আবদু ছবুর, সিবলু, আহমদ হোসেন, আজিজুল হক ও আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, এ কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ছাত্রসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে অবিলম্বে ব্রিজ নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।





