দক্ষিণ চট্টগ্রামে কোনো অপশক্তিকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না —সন্ত্রাসবিরোধী সমাবেশে চার সংসদ সদস্য

২৪-এর গণঅভ্যুত্থানে জনগণের দ্বারা বিতাড়িত আওয়ামী ফ্যাসিস্টরা আবারও পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা দিবালোকের স্বপ্ন দেখছে। ১৭ বছর লুটপাট করে দেশকে অস্থিতিশীল করে পালিয়ে গিয়ে আবার ক্ষমতার স্বপ্ন দেখছে। তাদের এ স্বপ্ন জিয়ার সৈনিক ও তারেক রহমানের সৈনিকেরা বাস্তবায়ন হতে দেবে না; বিএনপি সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এ জে চৌধুরী কলেজ মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অধীন দলীয় সংসদ সদস্যদের উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিশাল প্রতিবাদ সভা ও গণমিছিলে সংসদ সদস্যরা এ কথা বলেন।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন প্রমুখ। এতে দক্ষিণ জেলা বিএনপির অধীন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদেই আজকের এই সমাবেশ। কোনো মিছিল, পোস্টার বা ভয়ভীতি প্রদর্শন করে বিএনপিকে শঙ্কিত করা যাবে না। আমরা ঐক্যবদ্ধ ও সজাগ আছি। জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, অতীতে বিএনপির মিটিং-মিছিলে অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠন কার্যক্রম পরিচালনা করতে চাইলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সমর্থন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে। কোনো ষড়যন্ত্র বা ভয়ভীতি দেখিয়ে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না। নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রেখে নিরাপদ বাংলাদেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
পটিয়া তথা চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জনগণ আমাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছে। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, যারা নির্বাচনের সময় ধানের শীষের বিরোধিতা করেছে, তাদের এখন চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে চিন্তাভাবনা করা উচিত নয়। সংসদ সদস্যদের হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করব।
বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, সন্ত্রাস, নৈরাজ্য, ফ্যাসিবাদ ও ধর্মের নামে ব্যবসার বিরুদ্ধে দক্ষিণ চট্টগ্রামের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী। কোনো অপশক্তি এই ঐক্যকে দুর্বল করতে পারবে না। নিজ নিজ এলাকায় সন্ত্রাস ও অরাজকতা প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামবাসীর দুর্ভোগ কমাতে ছয় লেনের সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নেতাকর্মীদের হতাশ হওয়ার কিছু নেই। সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের পরামর্শের ভিত্তিতে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম বলেন, দক্ষিণ চট্টগ্রামকে অতীতে কোনো শক্তি পরাভূত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দক্ষিণ চট্টগ্রামের মানুষ ও সংসদ সদস্যরা ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্র বা পরিকল্পিত সন্ত্রাস এ অঞ্চলে হতে দেওয়া হবে না।
তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। যারা সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। নেতাকর্মীদের ভয় না পেয়ে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে দক্ষিণ চট্টগ্রামের সংসদ সদস্যরা তাঁদের পাশে থাকবেন।
সরওয়ার জামাল নিজাম আরও বলেন, নির্বাচনের সময় যারা বিরোধী পক্ষকে সমর্থন দিয়েছিল, তাদের ষড়যন্ত্র সত্ত্বেও জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনেও সব অপচেষ্টা মোকাবিলায় দক্ষিণ চট্টগ্রামের নেতাকর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।








