থানচিতে ডায়রিয়া মোকাবিলায় বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

থানচিতে ডায়রিয়া মোকাবিলায় বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

থানচিতে ডায়রিয়া মোকাবিলায় বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
ছবি সংগৃহীত।

সম্প্রতি বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি জনপদে ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে নারী, শিশু ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। দুর্গম যোগাযোগব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে স্থানীয় জনগণের দুর্ভোগ আরও বেড়েছে। বিশেষ করে ওরস্যালাইন, কলেরা স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমতাবস্থায় মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণের অঙ্গীকার থেকে সীমান্তবর্তী দুর্গম পার্বত্য জনপদের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশের বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে থানচি উপজেলার দুর্গম রেমাক্রি বাজার ও তিন্দু এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।

বলিপাড়া জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে বিজিবির অভিজ্ঞ মেডিকেল টিম আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে। পাশাপাশি ডায়রিয়া প্রতিরোধ, বিশুদ্ধ পানির ব্যবহার, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে স্থানীয় জনগণকে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি পুরো কার্যক্রমকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বিজিবির এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। স্থানীয় জনগণও বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করে।

বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক পরিচালিত এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সীমান্ত এলাকার মানুষের আস্থা বৃদ্ধি, সম্প্রীতি বজায় রাখা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”