তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী- শাহজাহান চৌধুরী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী- শাহজাহান চৌধুরী

তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী- শাহজাহান চৌধুরী
ছবি সংগৃহীত।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়া’র ছেলে তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী। তিনি বলেন, চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করি ও স্বাগত জানাচ্ছি।

রোববার (১ মার্চ) নগরীর জিইসি কনভেনশন হল-এ চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, অনেক ঘাত-প্রতিঘাত ও জুলুম-নির্যাতন পার হয়ে জুলাই আন্দোলনের রক্তের ওপর বাংলাদেশের নতুন সরকারের পথচলা শুরু হয়েছে। নতুন সরকারের এ পথচলায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধী দল থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

তিনি আরও বলেন, চট্টগ্রামের ১৬ জন সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করে চট্টগ্রামকে নতুনভাবে সাজাতে চান। চট্টগ্রামের ছেলে হিসেবে আগামীতে চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তুলতে চাই।

চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি করপোরেশন-এর মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।




‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’: হাসনাত আবদুল্লাহ

‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’: হাসনাত আবদুল্লাহ
ছবি সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলেন- নকল আর চলবে না। ২০২৬ এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে- এই স্ট্যান্টবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটুসমান পানিতে, বুকসমান পানিতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন। একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন, তার মধ্যে আপনি ভুল রেখে দিয়েছেন। একজন পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কী ধরনের হয়, একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজনও বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদের আপনারা বলছেন মাদকাসক্ত।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। এই ফার্মের মুরগি রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছেন। শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষার্থীরা গিনিপিগ নয়। শিক্ষার্থীদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, তাদের বিদেশে রেখে পড়াশোনা করান।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংসদে দাঁড়িয়ে দম্ভের সঙ্গে বললেন, সংবিধান সংস্কার কমিটি— এটা নাকি কোনো সংবিধানে নেই। এটা যদি সংবিধানে না থেকে থাকে, ২০২৬ সালের নির্বাচনও কোনো সংবিধানে ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে। সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে। সংবিধান অনুযায়ী আপনার নেতাকর্মীর থাকার কথা ছিল ধানক্ষেতে। সংবিধান অনুযায়ী আপনার নেতাকর্মীর চালানোর কথা ছিল ঢাকা শহরে রিকশা। এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছে, এই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন বাংলাদেশের অভিমুখ তারা সেট করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা ছাত্র-জনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা, বাঁশখালী— এই সমগ্র অঞ্চলের আমার ভাইয়েরা বন্যার মধ্যে কষ্ট পাচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয়- দীর্ঘ সাত দিনের বেশি বন্যা আক্রান্ত হলেও এখনো পর্যন্ত সব এলাকায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাহায্য-সহযোগিতা পৌঁছায়নি।

সোনারগাঁয়ে এমপির ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, এই সোনারগাঁয়ে যিনি এমপি রয়েছেন, তার ছেলে চাঁদাবাজির কারণে থানায় গিয়ে মুচলেকা দিতে হয়েছে। বাপ হচ্ছে এমপি, ছেলে করে চাঁদাবাজি, থানায় গিয়ে দেয় মুচলেকা।

হাসনাত আবদুল্লাহ বলেন, সারা বাংলাদেশে গ্যাসের হাহাকার, কিন্তু আমরা দেখলাম রাজনৈতিক ছত্রচ্ছায়ায় গ্যাস লাইনের অবৈধ সংযোগ নিয়ে কিছু কারখানা প্রতি বছর লাখ লাখ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। আরেকটা গ্রুপ রয়েছে, বসুন্ধরা—তারা শত শত মাইল জমি দখল করে নিচ্ছে এবং তাদের কিছু মিডিয়ার মাধ্যমে সেসবের পক্ষে অবস্থান নেওয়া হচ্ছে।

চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রতি ২০০ টাকা আয় করলে ৫০ টাকা বিএনপি, ছাত্রদল, যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদের চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আপনারা যদি মনে করেন এই চাঁদাবাজির যাত্রা অব্যাহত রাখবেন, মনে করার দরকার নেই এভাবে বেশিদিন চালিয়ে যেতে পারবেন। হাসিনার হয়তো ১৭ বছর লেগেছে। প্রতি বছর জুলাই হয় না, কিন্তু যখন জুলাই হয়, তখন পালানোর জায়গা পাবেন না।

পথসভায় হাসনাত আবদুল্লাহ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে এনসিপির পক্ষ থেকে সমর্থন দেন। 




বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী
ছবি সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। তবে দেশবিরোধী কোনও কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


তিনি প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


রিজভী বলেন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একইসঙ্গে বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা উল্লেখ করেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভরশীল ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য।


রিজভী আরও বলেন, বর্তমানে দেশে গুম নেই, ক্রসফায়ার নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাও নেই। আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।




এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী
ছবি সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নির্বাচন কেড়ে নিয়ে দুঃশাসন ও রক্তপিপাসু সরকার গঠন করেছিলেন। আবার গুমের রাজত্ব ফিরে আসবে, জনগণ সেটা সমর্থন দেবে? না। একটা মুক্তিযুদ্ধে ২ লাখ মা-বোন নির্যাতিত হলেন, সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন? দিল্লির কৃতদাস বানাবেন? এটা হবে না। এ দেশের জনগণ হতে দেবে না।

মঙ্গলবার (২৩ জুন) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

রিজভী বলেন, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন যৌথভাবে প্রতিবাদ মিছিল করেছে। মিছিলের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা। যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর, সূর্যের আলো, স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন এবং মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন নানা কায়দায় তাদের চুরি ও পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণের ম্যান্ডেটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। শেখ হাসিনা যে নির্বাচন কেড়ে নিয়ে দুঃশাসন ও রক্তপিপাসু সরকার গঠন করেছিলেন, সেই পরিস্থিতির বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্য দিয়ে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের বেড়াজাল তৈরির চেষ্টা চলছে।

আওয়ামী লীগের উদ্দেশে রিজভী বলেন, আমাদের যখন ১৭ বছর দমাতে পারেননি, বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, র‍্যাব পাঠিয়েছেন, গোয়েন্দা পুলিশ পাঠিয়েছেন, জনির মতো অসংখ্য জাতীয়তাবাদের সৈনিককে হত্যা করেছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুসহ অসংখ্য নেতাকে গুম করেছেন। আবার গুমের রাজত্ব ফিরে আসবে, জনগণ সেটা সমর্থন দেবে? না। আবার ক্রসফায়ার ফিরে আসবে, জনগণ সেটাকে সমর্থন দেবে? না।

তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের চার মাসে কোনো গুম, ক্রসফায়ার বা মিথ্যা মামলা হয়নি। তিনি বলেন, কোনো গুমের ঘটনা ঘটেছে? না। কোনো ক্রসফায়ার হয়েছে? না। কোনো মিথ্যা মামলায় কেউ বন্দি হয়েছে? না। শুধু দুষ্কৃতকারী, সমাজ অপরাধীরা ছাড়া।

দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, বহুদলীয় গণতন্ত্র ও মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করার চক্রান্ত চলছে। তবে তা আর সম্ভব নয়।

তিনি বলেন, আজকে শুধু নয়, প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উসকানিমূলক কাজ করবে। শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল আজ এমন কথাবার্তা বলছেন, যেটা দেশবিরোধী, সার্বভৌমত্ববিরোধী।

রিজভী বলেন, একটা মুক্তিযুদ্ধে ৩০ লাখ জীবন গেছে, ২ লাখ মা-বোন নির্যাতিত হলেন, সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন? দিল্লির কৃতদাস বানাবেন? এটা হবে না। এ দেশের জনগণ হতে দেবে না।

তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের যে কোনো ইঙ্গিত ও অশুভ কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।