টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

কক্সবাজারের টেকনাফ সদর মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মেরিন ড্রাইভের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোক্তার আহমদ (৩০) উত্তর শিলখালী এলাকার জাফর হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোক্তার আহমদের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই ঘটনায় পথচারী ১৩ বছর বয়সী রকিব উল্লাহ গুরুতর আহত হয়। সে রাজারছড়া গ্রামের আবদুর রহিমের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
স্থানীয় বাসিন্দা করিম উল্লাহ জানান, মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই রেজাউল করিম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তার ভাই মোক্তার আহমদের মৃত্যু হয়েছে। তিনি তিন সন্তানের জনক।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহতদের পরিচয় নিশ্চিতসহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।







