টেকনাফে র্যাবের সাঁড়াশি অভিযান: ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ হুমায়ুন রশিদ (২১) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বৃহস্পতিবার বিকালে র্যাব সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় অবস্থান নেয়। সেখানে মাদকের একটি বড় চালান হাতবদল হওয়ার খবর পেয়ে জনৈক হুমায়ুন রশিদের বাড়ির উঠানের সামনে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে হুমায়ুন রশিদকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি এবং তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মোট ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করে আভিযানিক দল। গ্রেফতারকৃত হুমায়ুন রশিদ হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কানজর পাড়া এলাকার মৃত খাইরুর বশরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানিয়েছে, সে দীর্ঘ দিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের করাল গ্রাস থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে র্যাবের এ ধরণের আপোষহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।







