টেকনাফের শীলখালীতে বিজিবির বড় অভিযান: মাছের ড্রামে মিলল পৌনে দুই লাখ ইয়াবা, আটক ২

কক্সবাজারের টেকনাফের শীলখালীতে একটি মাছ বোঝাই মিনি পিকআপে তল্লাশি চালিয়ে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় শীলখালী অস্থায়ী চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ার মৃত মন্তাজের ছেলে মো. ফিরোজ (৩৫) এবং নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. ফয়সাল (২০)।
উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছ বোঝাই মিনি পিকআপ শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি করেন। এসময় মাছের ড্রামের ভেতর থেকে বিশেষ কায়দায় কালো ও খাকী কসটেপ দিয়ে মোড়ানো ২০টি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো থেকে মোট ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পাচারের কাজে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করেছে বিজিবি।
আটককৃত চালক ফিরোজ ও হেলপার ফয়সাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা এই ইয়াবা টেকনাফের লামার বাজার থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম আরও জানান, মাদক কারবারিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এই বড় চালানটি আটকের ফলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।







