টানা বৃষ্টিতে নাফাখুমের আটকা পর্যটকরা, নিরাপত্তায় প্রশাসনের নজরদারি
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

টানা বৃষ্টিতে নাফাখুমের আটকা পর্যটকরা, নিরাপত্তায় প্রশাসনের নজরদারি

টানা বৃষ্টিতে নাফাখুমের আটকা পর্যটকরা, নিরাপত্তায় প্রশাসনের নজরদারি
ছবি সংগৃহীত।

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিপাতে বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র নাফাখুম ঝর্ণা এলাকায় পানি প্রবাহ হঠাৎ বেড়ে যাওয়ায় বেড়াতে যাওয়া বেশ কয়েকজন পর্যটক আটকা পড়েছেন। পাহাড়ি ঢল ও সাঙ্গু নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নৌযান চলাচল এবং পর্যটকদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে নাফাখুম ঝর্ণা, রেমাক্রী খাল ও আশপাশের পাহাড়ি ছড়াগুলোতে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তার স্বার্থে পর্যটকদের ঝুঁকি নিয়ে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে নাফাখুম এলাকায় অবস্থানরত পর্যটকদের একটি অংশ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করছেন।
স্থানীয় পর্যটক গাইড মার্টিন ত্রিপুরা বলেন, টানা বৃষ্টির কারণে নাফাখুমের পানি অনেক বেড়ে গেছে। স্রোতও অত্যন্ত তীব্র। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা কাউকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দিচ্ছি না। আবহাওয়া অনুকূলে এলে পর্যায়ক্রমে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনা হবে।
আটকে পড়া এক পর্যটক সাইফুল ইসলাম বলেন, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হবো ভাবিনি। তবে স্থানীয় গাইড ও প্রশাসন আমাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। আমরা চাই পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদে ফিরে যেতে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, মৌসুমি নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নাফাখুম এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউ যেন ঝুঁকি নিয়ে যাতায়াত না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে টানা বর্ষণে থানচি উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় ছোট-বড় ছড়া ও ঝিরিগুলোতেও পানি বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাফাখুমসহ দুর্গম পর্যটন এলাকায় ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”