চৌধুরী মার্কেট ত্রিবার্ষিক নির্বাচন: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হলেন মামুনুর রশিদ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক মামুনুর রশিদ। তিনি সাতকানিয়া উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের কৃতি সন্তান এবং বিশিষ্ট সমাজসেবক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ ফোরকানের ভাগনে।
সূত্র জানায়, সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তাঁর এই জয়ে মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, “ব্যবসায়ীরা আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার যথাযথ মর্যাদা রক্ষা করার চেষ্টা করব। চৌধুরী মার্কেটের উন্নয়ন এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বদা পাশে থাকব।”
এদিকে মামুনুর রশিদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চৌধুরী মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে চৌধুরী মার্কেটের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।
সফলভাবে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, ব্যবসায়ী ও এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।






