চুনতি জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
লোহাগাড়ায় নোহা মাইক্রোবাস ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ওবায়েদ উল্যাহ (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়েদ উল্যাহ কক্সবাজারের ঈদগাহ উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিঙা পাড়া গ্রামের সৌদি প্রবাসী সামছুল আলমের ছেলে। তিনি ঈদগড় এ.এম.বি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন-নিহতের মা ইয়াসমিন আক্তার (৪৩), বোন ফাহিমা আক্তার (২০), ভগ্নিপতি ইয়াছির আরাফাত (৩২) এবং চাচাতো ভাই ইয়াছিন আরাফাত (২০)। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের মা ইয়াসমিন আক্তার জানান, প্রায় তিন মাস পর সৌদি আরব থেকে পবিত্র ওমরা পালন শেষে বুধবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। সেখান থেকে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে লোহাগাড়ার একটি হোটেলে খাবার খেয়ে ফের যাত্রা শুরু করলে কিছুদূর এগোতেই দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্গটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষ করেন। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






