চব্বিশের চেতনায় আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে : প্রধানমন্ত্রী
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

চব্বিশের চেতনায় আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে : প্রধানমন্ত্রী

চব্বিশের চেতনায় আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে : প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল। যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই যে মহলটি, যে সন্ত্রাসী গ্রুপটি, সন্ত্রাসী মহলটি ষড়যন্ত্র শুরু করেছে, এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে তারা শাসন করেছিল। মনে আছে আপনাদের? ভুলে গেছেন, না মনে আছে? ১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছিল। ১৬ বছর তারা জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল। ১৪ সালের ভোট মনে আছে? ১৮ সালের ভোট মনে আছে? আমি-ডামির নির্বাচন মনে আছে? কে মনে আছে, না ভুলে গেছেন?’

তিনি বলেন, আর কি বাংলাদেশের মানুষ ওই রকম নির্বাচন পেতে চায়? এই যে যারা এই নির্বাচনগুলো করেছিল, নিশিরাতের নির্বাচন করেছিল, ভোট দখলের নির্বাচন করেছিল, আমি-ডামির নির্বাচন করেছিল, তারা এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা ১৬ বছর ক্ষমতা দখল করে কেন তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনার কাজ করে নাই? এই প্রশ্ন আমার। কেন তারা পদ্মা ব্যারাজ করে নাই? এই প্রশ্ন আমার। কেন তারা এই এলাকায় গ্যাস লাইন আনে নাই? কেন তারা এই এলাকায় ইপিজেড গঠন করে নাই? এই প্রশ্ন আমার। এই প্রশ্ন কি শুধু আমার, না আপনাদেরও? তার মানে এই কাজগুলো তারা করে নাই। কেন করে নাই? কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ নাই।’

অর্থপাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সে জন্যই আমরা দেখেছি, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। যখন এই দেশ থেকে পালিয়ে গেছে, সমগ্র বিশ্বের আন্তর্জাতিক সব পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে তারা এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আরাম-আয়েশে জীবনযাপন করেছে। শুধু যে তারা এই দেশের স্বার্থ দেখে নাই, এই দেশের মানুষের স্বার্থ দেখে নাই, তা না; একই সঙ্গে যে দেশে তারা পালিয়ে গিয়েছে, সীমান্তের ওপারে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, গুম-খুন বন্ধের রাজনীতির যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অধিকারকে তারা আবার কেড়ে নিতে চায়। এখন সময় এসেছে। তাদেরকে কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার দেবেন তাদেরকে?

ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসেন যেভাবে চব্বিশের চেতনায়, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিন দেখেন, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুটতারাজ করেনি? মানুষকে তারা নির্যাতন করেনি? মানুষকে তারা গুম-খুন করেনি? পালিয়ে গিয়েছে, তারপরও পলাতক থেকেও আবার তারা সেই আগুনসন্ত্রাস শুরু করেছে। আবার তারা মানুষকে পুড়িয়ে মারার, হত্যার রাজনীতি শুরু করেছে। আবার তারা মানুষকে আক্রমণ করে, পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। বাংলাদেশের মানুষ আর ভোট দখলের রাজনীতি চায় না। ক্ষমতাকে ধরে রাখার জন্য শেষ সময় তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, ৬০ জন ছোট ছোট শিশুকে তারা হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, আর যাই হোক, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকে না।  বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়। বাংলাদেশের মানুষ এখন স্বস্তি চায়। বাংলাদেশের মানুষ এখন নিজের এবং দেশের অগ্রগতি চায়। তাই যদি করতে হয়, যদি দেশ এবং জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সন্ত্রাসী, এই অগ্নিসন্ত্রাসী, এই খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে। কী জবাব? যথেষ্ট হয়েছে, আর নয়। বাংলাদেশের মানুষ আর সেই অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে যেতে চায় না, গুম-খুনের রাজনীতিতে যেতে চায় না।

উন্নয়নের অগ্রাধিকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা খাল খননের রাজনীতি করতে চাই। আমরা চাই আমাদের দেশের কলকারখানাগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে। আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। আমরা সেই রাজনীতি করতে চাই। আমরা সেই অতীত রাজনীতি করতে চাই না।

লালমনিরহাটের মানুষের উদ্দেশে তিনি বলেন, আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ আপনাদেরকে আহ্বান জানিয়ে গেলাম। যেভাবে লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও লালমনিরহাটের মানুষ একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, লালমনিরহাটের মানুষ গণতন্ত্রের পক্ষে থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষকে আমি বলব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে জবাব দিই, শক্তভাবে জবাব দিই, যাতে ভবিষ্যতে জনগণের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলতে না পারে, তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে। আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করা। সবাই মিলে আমরা সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য নিজেদেরকে আবারও চব্বিশের মতো প্রস্তুত করি। 




‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ এখন পলাতকদের স্লোগানে পরিণত হয়েছে। যারা দেশ থেকে পালিয়ে গেছে, তারাই এখন এই স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে ফিরে আসতে পারবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আট মাসের মধ্যে সরকার বেশ কিছু সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমানতা ও গ্রহণযোগ্যতা বেড়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারী দেশ ও অংশীদারদের আগ্রহ তৈরি হচ্ছে। কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। কিন্তু একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী দেশের এই অগ্রযাত্রা মেনে নিতে পারছে না।

হুমায়ুন কবির বলেন, ‘এগুলো একটা ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী। এরা বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সন্ত্রাসীদের কোনও দেশে টেকসই অবস্থান হয় না, বাংলাদেশেও হবে না। আমরা তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ন্যায়বিচারের পথে এগোবো।’

তিনি বলেন, তারা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে ফিরে আসতে পারবে না। বাংলাদেশে সন্ত্রাসের কোনও জায়গা নেই।

‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, ‘জয় বাংলা এখন বিদায় নেওয়ার স্লোগান। যারা পালিয়ে গেছে, তাদের স্লোগান এখন জয় বাংলা। তারা পালিয়ে গিয়ে কোথায় নেতৃত্বের কাছে যাবে, সেটাই দেখার বিষয়।’

দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। সরকার দেশের মানুষের জন্য কাজ করছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। বাংলাদেশ সবার জন্য সুযোগ তৈরি করবে এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে।




কারাগারে ২৯ ডেপুটি জেলার নিয়োগ, বিদেশি নাগরিককে বিয়ে করলে নিয়োগ বাতিল

কারাগারে ২৯ ডেপুটি জেলার নিয়োগ, বিদেশি নাগরিককে বিয়ে করলে নিয়োগ বাতিল
ছবি সংগৃহীত।

কারা অধিদপ্তরের শূন্য পদে ২৯ জনকে ডেপুটি জেলার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে তাদের অস্থায়ী ভিত্তিতে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ ডিসেম্বর মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

চাকরির শর্তে বলা হয়েছে- বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে তার নিয়োগ বাতিল হবে।

গতকাল ১৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ গ্রেডে তাদের মূল ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা।

নিয়োগপ্রাপ্তদের ঢাকার বকশিবাজারে অবস্থিত কারা অধিদপ্তরে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তার নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের পরবর্তী দুই বছর তাদের চাকরি শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। এ সময়ে তাদের আচরণ ও কর্মদক্ষতা সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে।

এ ছাড়া সরকারি বিধি অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে নিয়োগ বাতিল হবে। চাকরি থেকে ইস্তফা দিতে চাইলে দুই মাস আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং চারিত্রিক ও পূর্ব কার্যকলাপ-সংক্রান্ত পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এসব তথ্যের কোনোটি ভুল প্রমাণিত হলে নিয়োগ আদেশ বাতিল করা হবে। চাকরিতে যোগদানের জন্য কোনো ধরনের ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না।

নিয়োগপ্রাপ্ত ২৯ জন হলেন
মুহাম্মদ আইয়ূব নবী ইসলাম (চট্টগ্রাম), মো. ইকবাল হাসান (জামালপুর), শাকিল আহমেদ (নাটোর), মো. জুলকার নাইন (শেরপুর), শেখ ওসমান হারুনী (বরিশাল), মো. রাজীব হোসেন (গাজীপুর), অনুপ কুমার দত্ত (ব্রাহ্মণবাড়িয়া), শেখ নুরুজ্জামান জুয়েল (ফরিদপুর), আব্দুল ওয়াজেদ (শরিয়তপুর), মো. শরীফুল ইসলাম শরীফ (বান্দরবান), মো. শেকাবুল ইসলাম সৌরভ (বগুড়া), মো. রিফাত রাইয়ান খান (বরিশাল), মেহেদী হাসান নাহিদ (ভোলা), দীপ সরকার (ঢাকা), শরিফা ইয়াসমিন (ফরিদপুর), মো. নিজাম উদ্দিন শেখ (চাঁদপুর), জুলহাস আহমেদ শান্ত (ময়মনসিংহ), উত্তম সরদার (খুলনা), মো. আবু সাঈদ (নীলফামারী), মো. রাসেদ পারভেজ (নওগাঁ), মো. আবু নাছের (কুমিল্লা), মো. আশরাফুল মজিদ (ময়মনসিংহ), মো. ইমরান শাহেদ (বরগুনা), রাশেদুল মোস্তফা (কক্সবাজার), রাজু বিশ্বাস (বাগেরহাট), আবিদা সুলতানা লিনা (গাজীপুর), বিপুল চন্দ্র দেবনাথ (মৌলভীবাজার), মো. সোহেল মিয়া (চাঁদপুর) এবং লিংকন ভদ্র (নেত্রকোনা)।




স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি
ছবি সংগৃহীত।

স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের কতগুলো মৌলিক সমস্যার সমাধান করতে পারছি না মন্তব্য করে হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কলকারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ কোন বাংলাদেশ? আমরা কোন জাতি? যে জাতি নিজেদেরকে ধ্বংস করছি। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য দীর্ঘকাল ধরে ছাত্ররা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে চব্বিশের আন্দোলন পর্যন্ত, এই পুরো সময়টা জুড়ে ছাত্ররা বেরিয়ে এসেছে। তারা পরিবর্তন চেয়েছে, সমাজকে পরিবর্তন করতে চেয়েছে এবং পুরো ব্যবস্থাটাই বদলে দিতে চেয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সবসময় আমরা এতে সফল হতে পারিনি।

ঢাক কলেজ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঢাকা কলেজ আমাদের এই দেশের, এই অঞ্চলের এবং সমগ্র উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ। যেখান থেকে সবচাইতে সৃজনশীল মানুষেরা এসেছেন। ঢাকা কলেজের ছাত্ররা সবসময়ই রাজনৈতিক সচেতন ছিল এবং সংগ্রাম ও লড়াই করেছে। আমার খুব খারাপ লাগছে এই কথা শুনে যে, এই কলেজের ছেলেদের অ্যাকমোডেশনের ব্যবস্থা নেই, আবাসন নেই, হোস্টেল নেই, ভালো লাইব্রেরি নেই, ভালো ল্যাবরেটরি নেই।

শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো দরকার উল্লেখ করে তিনি বলেন, আমাদের ছেলেরা গ্য্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে, কিন্তু কর্মসংস্থান নেই, চাকরি নেই। আমাদের শিক্ষাব্যবস্থাকে সেইভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে সত্যিকার অর্থেই ইফেক্টিভ হয়। আমরা দেশের জন্য, মানুষের জন্য এবং শিক্ষার্থীদের জীবনের জন্য, সেদিক থেকে লক্ষ্য রাখা দরকার।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই আমরা। এ দেশের জন্য আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। একইভাবে নতুন প্রজন্মের অনেক তরুণও জীবন উৎসর্গ করেছেন। তাদের স্বপ্ন ও আত্মত্যাগের ভিত্তিতেই আমরা এমন একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে পরবর্তী প্রজন্ম মর্যাদার সঙ্গে মানুষের মতো জীবনযাপন করতে পারবে। তারা পাবে একটি মানবিক ও সাম্যের রাষ্ট্র। পাশাপাশি নিজেদের উন্নয়ন ও সম্ভাবনা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত হবে। আমরা এমন একটি বাংলাদেশই দেখতে চাই।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে ভূমিকা রাখাও তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণামনস্কতা ও সৃজনশীল চিন্তার বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

সবশেষে প্রত্যাশা ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, নতুন প্রজন্ম অনেক বেশি সৃজনশীল, সাহসী ও উদ্যোগী। তাদের হাত ধরেই বাংলাদেশ সত্যিকার অর্থে একটি বাসযোগ্য ও মানবিক সমাজ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।