চট্টগ্রামে হামের সংক্রমণ বৃদ্ধি, নিউমোনিয়ায় ৫ শিশুর মৃত্যু

চট্টগ্রাম বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রামক ব্যাধি হাম। গত ১০ দিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালে হাম ও হামজনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে আইসিইউতে ৬ জনসহ অন্তত ২৫ শিশু চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের অধিকাংশের বয়স ৬ মাস থেকে ৩ বছরের মধ্যে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বিভাগে ৯৫ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কক্সবাজারে ২৮, কুমিল্লায় ১৮, চাঁদপুরে ১২ ও চট্টগ্রামে ২ জন রয়েছেন। তবে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বেশি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু কর্নার সরিয়ে সেখানে ‘হাম কর্নার’ চালু করা হয়েছে। এখানে চিকিৎসাধীন ১২ শিশুর মধ্যে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বেসরকারি মা ও শিশু হাসপাতালে ৩ জন এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ১ শিশুর মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারিকালে টিকাদান কর্মসূচিতে স্থবিরতার কারণে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেছে। আক্রান্তদের মধ্যে ‘পোস্ট-মিজেলস নিউমোনিয়া’ বেশি দেখা দিচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুছা মিঞা জানান, গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে রোগী আসছে, যাদের অনেকের অবস্থা সংকটাপন্ন।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, “হাম অত্যন্ত সংক্রামক। ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া চাঁদপুরের ২ শিশু ঢাকায় মারা গেছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি এবং জরুরি ভিত্তিতে টিকার ব্যবস্থাপনা করছি।” চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শনাক্ত হওয়া রোগীদের বাড়ির আশপাশে ১২০টি পরিবার পর্যন্ত অনুসন্ধান করে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা কেনার উদ্যোগ নিয়েছে। জনসচেতনতা বৃদ্ধি ও শিশুদের দ্রুত টিকার আওতায় আনার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।










