চকোরিয়ায় সংঘবদ্ধ ডাকাতি ও ধর্ষণ মামলায় ৫ ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারের চকোরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে সংঘটিত আলোচিত সংঘবদ্ধ ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত চকোরিয়া থানার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ডলনীঘোনা এলাকার একটি পাকা বসতবাড়িতে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গ্রিল কেটে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নেয়। অভিযোগ রয়েছে, ডাকাতরা বাড়ির এক নারী ও তাঁর অপ্রাপ্তবয়স্ক কন্যাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
ঘটনার খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের নির্দেশনায় চকোরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে চকোরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চকোরিয়া থানা-পুলিশ ও মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— তারেক (২৫), তোফাজ্জল হোসেন প্রকাশ বাবু (২৩), মেহেদী (২৪), তানজীদ (২৫) ও কেফায়েত হোসেন (২৫)।
এ ঘটনায় চকোরিয়া থানায় এফআইআর নম্বর-২০, জি.আর নম্বর-২৪৭/২০২৬ মূলে পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চকোরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, “নারী ও শিশু নির্যাতন, ডাকাতি এবং সকল ধরনের গুরুতর অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর ও বদ্ধপরিকর।”







