চকরিয়া-পেকুয়ায় পাহাড় ধসে নিহত ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুক

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় পাহাড় ধসে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর আমীর ও সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। এ সময় তিনি নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং জানাজায় অংশ নেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তিনি প্রথমে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পাহাড় ধসে নিহত শিশু মিনহাজ উদ্দিন (৮) এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা তুলে দেন।
পরে তিনি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে নিহত রুমি আক্তার (১৫) ও মোহাম্মদ তৌসিফ (১০)-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাদে যোহর তাদের জানাজায় অংশ নেন।
উল্লেখ্য, গত ৭ জুলাই রাতে টানা বর্ষণের কারণে পাহাড় ধসে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে মোহাম্মদ কলিম উল্লাহর ছেলে মিনহাজ উদ্দিন নিহত হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা গ্রামে পাহাড় ধসে নিহত হয় মোহাম্মদ কাজলের মেয়ে রুমি আক্তার (১৫), যিনি বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের আবদুল মজিদের ছেলে মোহাম্মদ তৌসিফ (১০), স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাইবোন।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, টইটং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনছার উল্লাহ, বরইতলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শওকত ওসমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।







