চকরিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: পলাতক অভিযুক্তকে খুঁজছে পুলিশ

কক্সবাজারের চকরিয়ায় প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনিবাজার এলাকায় শুক্রবার (১ মে) বিকেলে এই পাশবিক ঘটনা ঘটে। অভিযুক্তের নাম কামাল উদ্দিন (৫৬), তিনি ওই এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে শিশুটি তার বাড়ির সামনে খেলা করছিল। অভিযোগ উঠেছে, এ সময় প্রতিবেশী কামাল উদ্দিন শিশুটিকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল মোমেন জানান, "শিশুটিকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং আমরা তার শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছি।
ঘটনার পর থেকেই অভিযুক্ত কামাল উদ্দিন এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
পুলিশ পরিদর্শক অপরাধীকে আইনের আওতায় আনতে স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুততম সময়ে অভিযুক্ত কামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।







