চকরিয়ায় বসতভিটা জবরদখলের চেষ্টা, প্রাণনাশের আশংকায় থানায় ভুক্তভোগীর অভিযোগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে পৈত্রিক ভিটা জোরপূর্বক দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী লুৎফুর রহমান চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পশ্চিম কৈয়ারবিল হামিদুল্লাহ সিকদার পাড়ার বাসিন্দা লুৎফুর রহমানের পৈত্রিক ওয়ারিশি ভিটা জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। জমিটি কৈয়ারবিল মৌজার বিএস ৮৩৫ নং খতিয়ানের বিএস ৬৩ দাগের আওতাধীন প্রায় ৫৫ শতকের মধ্যে বিরোধীয় ১৫ শতক বলে উল্লেখ করা হয়েছে।
লুৎফুর রহমান অভিযোগ করেন, একই এলাকার মোহাম্মদ আবুছালাম , জাহেদা বেগম, মোহাম্মদ এরফান, মো. সায়েম ও কামরুল হাসানসহ আরও কয়েকজন ওই জমির উপর জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করছেন।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা কয়েকজন অজ্ঞাতনামা লোকজনকে সঙ্গে নিয়ে ধারালো দা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে জমিতে এসে ইট, বালি, সিমেন্ট ও লোহার রড এনে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। এসময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন।
ভুক্তভোগী আরও জানান, বিষয়টি আগে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা অমান্য করে জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে লুৎফুর রহমান বলেন, “জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি এবং আমাদের নামে রেকর্ড রয়েছে। তবুও প্রভাব খাটিয়ে জোর করে দখলের চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।
ঘটনার বিষয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জোরপূর্বক নির্মাণকাজ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোছাইন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।







