চকরিয়ায় বনবিভাগের জায়গা থেকে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের হামলা-লুটপাট, আহত ৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ ঘুনিয়া এলাকায় বনবিভাগের জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত হামলা ও বাড়িঘরে লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) সকাল ৮টার দিকে দক্ষিণ ঘুনিয়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিএনপি নেতা এহসানুল করিম জানান, বনবিভাগের জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার সময় একটি পিকআপ গাড়িসহ জড়িতদের হাতেনাতে আটক করে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করি । এ ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিনের ইন্ধনে ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির কর্মী ইউনুসকে ধাওয়া করে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে ইউনুসের স্ত্রী ইসমত আরা বেগম, মেয়ে রিয়াজু, পুত্র আশিফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীরসহ মোট ৪ জন আহত হন।
অভিযোগ রয়েছে, মকসুদ, সায়েম, জাহাঙ্গীর, আবছার, হুমায়ুন, রুহুল আমিন, নুরুল আমিনসহ ১৫-২০ জনের একটি দল সংঘবদ্ধভাবে হামলা ও লুটপাটে অংশ নেয়।
তবে ঘটনার বিষয়ে আহত জাহাঙ্গীর আলম বলেন, মাটি কাটার সময় বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে এহসানের নেতৃত্বে হামলা চালায়।
ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা খসরুল আমিন জানান, রাতে স্থানীয়রা একটি পিকআপ গাড়ি অবৈধভাবে মাটি বহনের সময় আটক করে তাদের খবর দিলে গাড়িটি জব্দ করে রেঞ্জ কার্যালয়ে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনির হোছাইন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।







