চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকালে পৃথক পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
এদিকে, কাল ৮টা ১০ মিনিটে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং বাজারের উত্তর পাশে চট্টগ্রামগামী একটি অজ্ঞাতনামা বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. মিজানুর রহমান (৩২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় কক্সবাজার থেকে আসা বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় বাসের সুপারভাইজার মো. ইউসুপ (৫২) গুরুতর আহত হন। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাসের আরও ২-৩ জন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বাস ও কাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, পৃথক এ দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







