চকরিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে ১৯ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্স অংশ নেয়। থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৩ জন, ২ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ১ জন, ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ১ জন, অন্যান্য পরোয়ানাভুক্ত ১০ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৪ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— রিয়াজুল করিম রিয়াজ, নুরুল আমিন ওরফে সোনা মিয়া, মো. মামুন, মাশুক আহাম্মদ, কবির আহাম্মদ, জয়নাল আবদীন, মো. বাদল, গিয়াস উদ্দিন, কামরুল হাসান রানা, মো. ফরিদ, দেলোয়ার হোসেন, মো. শফি, মো. মিরান, মোহাম্মদ আসিফ মাওলা, মনছুর আলম, আবু ছাদেক, মো. জাহাঙ্গীর, আব্দুস শুকুর ও খাইরুল আমিন।
পুলিশ জানায়, চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় অপরাধ চক্র, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি ও চোর-ডাকাতদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনির হোছাইন ।







