চকরিয়ায় চিংড়ি ঘেরে চাঁদাবাজির মূলহোতা আটক
কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকে কেন্দ্র করে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) চকরিয়া থানা পুলিশ জানায়, এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকে ঘিরে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় পুলিশের আভিযানিক টিম নজরদারি জোরদার করে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় পরিচালিত এক বিশেষ অভিযানে চরণদ্বীপ এলাকার একটি চিংড়ি ঘের থেকে চাঁদা উত্তোলনের সঙ্গে জড়িত মোক্তার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোক্তার হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকে কেন্দ্র করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। স্থানীয় সূত্রেও এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোছাইন জানান, চিংড়ি খাত দেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী সম্পদ, যাকে “হোয়াইট গোল্ড” বলা হয়। প্রকৃত মৎস্যচাষীরা যেন নিরাপদে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।







